ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

কলেজছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ চেষ্টার দায়ে পুলিশ পরিদর্শকের যাবজ্জীবন কারাদণ্ড

এক কলেজছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ চেষ্টার দায়ে এক পুলিশ পরিদর্শককে (বরখাস্ত) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক ফেরদৌস আরা এ রায় দেন।


একই রায়ে তাকে দুই লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় দণ্ডিত মিজানুর রহমানকে আদালতে হাজির করা হয়েছিল। পরে তাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।


বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী এম এ নাসের জানান, ২০১১ সালের ১২ জুলাই নগরের ফয়’সলেক এলাকা থেকে ইস্পাহানি স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রী ও তার বন্ধুকে তুলে নিয়ে নগরের চকবাজারে একটি হোটেলে নিয়ে ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন মিজানুর। এ ঘটনায় ১৬ জুলাই নগরের পাঁচলাইশ থানায় মিজানুর রহমানসহ তিনজনকে আসামি করে দুটি মামলা দায়ের করেন ভুক্তভোগীর বাবা। মামলার বাকি দুই আসামি ওই হোটেলের কর্মচারী।


ঘটনার সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন মিজানুর রহমান। অভিযোগ ওঠার পর তাকে বরখাস্ত করা হয়েছিল। এর আগে তিনি চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। ঘটনার পর প্রায় সাড়ে তিনমাস পলাতক থাকা মিজানুর রহমান ২০১১ সালের ৩১ অক্টোবর চট্টগ্রাম মহানগর মুখ্য হাকিমের আদালতে আত্মসমর্পণ করেন। আদালত তাকে জেলহাজতে পাঠান। হাইকোর্টের আদেশে ২০১২ সালের জুলাই মাসে তিনি জামিনে মুক্তি পান।


ধর্ষণের চেষ্টার মামলায় অভিযোগপত্র দাখিলের পর ২০১১ সালের ১ ডিসেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৯ (৪)-খ এবং দণ্ডবিধির ৪২০, ১৭০ ও ৩৮৬ ধারায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। রাষ্ট্রপক্ষে মোট ১০ জনের সাক্ষ্যগ্রহণ এবং যুক্তিতর্ক শেষে চলতি বছরের ৩০ এপ্রিল মামলার বিচারিক কার্যক্রম সমাপ্ত ঘোষণা করেন আদালত।


মামলায় তিনজনকে আসামি করা হলেও দু’জনের বিচার কার্যক্রম হাইকোর্টের আদেশে স্থগিত আছে। শুধুমাত্র আসামি মিজানুর রহমানের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম সম্পন্ন করে রায় দেওয়া হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑